প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
টাইব্রেকার নায়ক, ভাঙা হাত

নিজস্ব প্রতিবেদক।
ইন্টারকন্টিনেন্টাল কাপের নাটকীয় ফাইনালে ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি, আর সেই জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ। ম্যাচের নির্ধারিত সময়ের পর পেনাল্টি শ্যুটআউটে চারটি শট ঠেকিয়ে দলকে ট্রফি এনে দেন তিনি, তবে সেই বীরত্বের মূল্য দিতে হয়েছে চড়া দামে। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, পেনাল্টি শ্যুটআউটের সময় সাফোনভের বাঁ হাতে ফ্র্যাকচার হয়েছে। ম্যাচ চলাকালীন চোট লাগলেও তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি, কারণ অ্যাড্রেনালিনের প্রভাবে ব্যথা তেমন অনুভূত হয়নি। পরে চিকিৎসা পরীক্ষায় তার হাত ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। এই টুর্নামেন্টে কোচ লুইস এনরিকের রোটেশনের অংশ হিসেবে খেলছিলেন সাফোনভ, যিনি সাধারণত প্রথম পছন্দের গোলরক্ষক লুকাস শেভালিয়েরের বিকল্প। ক্লাব জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর তার আবার মেডিকেল পরীক্ষা করা হবে এবং তখন মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চোটের কারণে ফরাসি কাপসহ আসন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না, এমনকি জানুয়ারির শুরুতে লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD